তারুণ্যের বরাদ্দ নেই তথ্য ও যোগাযোগ বিভাগ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে : সানেম
তথ্য ও যোগাযোগ বিভাগ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়সহ ১২টি মন্ত্রণালয়ে তরুণদের বরাদ্দ দেয়া হয়নি।
রোববার সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) ও অ্যাকশন এইড বাংলাদেশ যৌথভাবে ‘তরুণদের প্রেক্ষাপটে বাজেট’ বিষয়ে আলোচনা সভার মূল প্রবন্ধে এ তথ্য উপস্থাপন করা হয়ে।
অনলাইনে অনুষ্ঠিত সভায় সানেমের গবেষক ইশরাত শারমীন এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সেখানে তিনি দেখিয়েছেন, আগামী অর্থবছরের (২০২১-২২) বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) এসব মন্ত্রণালয় ও বিভাগগুলোতে যে বরাদ্দ দেওয়া হয়েছে, এর মধ্যে মাত্র ১৪ শতাংশ সরাসরি তরুণদের কেন্দ্র করে বরাদ্দ দেওয়া হয়। ৬০ শতাংশ বরাদ্দ তরুণদের কাজে লাগে না। আর বাকি ২৬ শতাংশ বরাদ্দ আংশিকভাবে তরুণদের জন্য বরাদ্দ দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির।
এসময় তিনি বলেন, সরকার মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির ওপর জোর দিচ্ছে। কিন্তু তরুণদের ছাড়া কীভাবে এত জিডিপি প্রবৃদ্ধি অর্জন সম্ভব? তাই তরুণদের তথ্য প্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করতে পারলে কর্মসংস্থান বাড়বে।
অর্থনীতিবিদ, তরুণ, বেসরকারি উন্নয়নকর্মী ও সরকারি কর্মকর্তাদের অংশগ্রহণের অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন সানেমের গবেষণা পরিচালক সায়মা হক।